ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৫৪:১৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ বার পঠিত

যশোরের ঐতিহ্যবাহী ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।
সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল, আতাউর রহমান জসি ও আবুল কাশেম; যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম রানা ও ইসমাইল হোসেন; দপ্তর সম্পাদক কে.এম ইদ্রিস আলী; কোষাধ্যক্ষ এডভোকেট আবিদুর রহমান; কার্যনির্বাহী সদস্য আলমগীর হোসেন, রাফিউল ইসলাম, আলী আশরাফ ও ইনকিয়াদ আহমেদ রাফিন এবং সাংবাদিক শাকিল হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
সাধারণ সভায় প্রেসক্লাবের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন, নিষ্ক্রিয় এবং সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত সদস্যদের বিষয়ে প্রয়োজনীয় সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ, নতুন সদস্য অন্তর্ভুক্তি এবং সংগঠনের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সাধারণ সভা শেষে দুপুর আড়াইটায় সাংবাদিকদের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে অংশ নেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক এম সাইফুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দেবংশ বিশ্বাস এবং ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান।
এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। পরে প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথিরা সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় ঝিকরগাছা প্রেসক্লাবকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ।

























