অভয়নগরে ৭ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র উদ্ধার
- আপডেট সময় : ০১:৩৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬ বার পঠিত

যশোরের অভয়নগরে হত্যা মামলায় গ্রেপ্তার এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে ৭ রাউন্ড গুলিসহ দুটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের একটি বাঁশবাগান থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভয়নগর থানার হত্যা মামলায় গ্রেপ্তার রমজান (২২), পিতা মিনারুল, সাং-দক্ষিণডিহি, থানা-ফুলতলা, জেলা-খুলনা-এর দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণডিহি গ্রামে অভিযান চালানো হয়। অভয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরুজ্জামানের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) নাসির উদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সোবহান সরদারের বাঁশবাগানের পশ্চিম কোণে অভিযান চালান। এ সময় মাটিতে পুঁতে রাখা অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি ৭.৬৫ বোরের সচল পিস্তল এবং লোহার তৈরি একটি দেশীয় একনলা ওয়ান শুটার গান। পিস্তলটির দৈর্ঘ্য ৭ ইঞ্চি এবং বাটের অংশের প্রস্থ ৪ দশমিক ৫ ইঞ্চি। দেশীয় ওয়ান শুটার গানটির দৈর্ঘ্য বারসহ ৯ ইঞ্চি। এতে ফায়ারিং পিন ও ট্রিগার সংযুক্ত রয়েছে।
এ ছাড়া উদ্ধার করা হয়েছে ৭ রাউন্ড পিস্তলের গুলি। গুলিগুলোর প্রতিটির পেছনে ইংরেজিতে ‘KF 7.65’ লেখা রয়েছে। পুলিশের হেফাজতে বর্তমানে গ্রেপ্তার আসামি রমজান ও উদ্ধারকৃত অস্ত্র-গুলি রয়েছে। এ ঘটনায় অভয়নগর থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের একটি বাগান থেকে বাহারুল মল্লিক ওরফে বাহালুল (৪৩)-এর মরদেহ উদ্ধার করা হয়। তার থুতনি ও বাম পায়ের হাঁটুর ওপরে গুলির ক্ষতচিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় নিহতের ভাই বিল্লাল মল্লিক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেন।
মামলাটি অভয়নগর থানার মামলা নম্বর-১০, তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৬। এতে পেনাল কোড ১৮৬০-এর ৩০২/৩৪ ধারায় মামলা করা হয়। ওই হত্যা মামলায় গ্রেপ্তার রমজানের দেওয়া তথ্যের ভিত্তিতেই অস্ত্র ও গুলি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।























