রামনগরে তরুণদের মাঝে ফুটবল বিতরণ করলেন রাজু আহম্মেদ
- আপডেট সময় : ০৯:১৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ বার পঠিত

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খানকায়ে ওয়াইছিয়া মাঠে তরুণদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার লক্ষ্যে রোববার (২০ সেপ্টেম্বর) এ কর্মসূচির আয়োজন করা হয়।
“খেলায় শক্তি, খেলায় বল, মাদক ছেড়ে মাঠে চল” স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জননেতা অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে তরুণদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়।
ফুটবল বিতরণ কর্মসূচিতে সৌজন্যে ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহম্মেদ। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রামনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। এ সময় উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জহির উদ্দীন, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বিল্লাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আয়োজকরা বলেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখা সম্ভব। এ ধরনের কর্মসূচি তরুণদের মাঠমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

























