রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:১৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬ বার পঠিত

রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, চুরি মামলার আসামি ও সিআর পরোয়ানাভুক্তসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একাধিক অভিযানিক দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কারবারের অভিযোগে পিন্টু দাশ (৪০), আলভী জাবরান প্রকাশ তানহা (৩৫) ও জুয়েল (২৬)কে গ্রেপ্তার করা হয়েছে। মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয় ইমরান (৩৮), জাহেদ (২৯) ও অমর জ্যোতি চাকমা (২৬)কে।
এ ছাড়া চুরি সংগঠনের অভিযোগে মোবারক হোসেন রায়হান (২৬) এবং সিআর পরোয়ানামূলে জেসমিন বেগম (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
কোতয়ালী থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইমরান, জাহেদ, মোবারক হোসেন রায়হান ও জেসমিন বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামিদের বিরুদ্ধেও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় তাদের আদালতে সোপর্দ করা হবে।
রাঙামাটি শহর ও আশপাশের এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।























