চুয়াডাঙ্গার ডাঃ আফছার উদ্দিন কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:১৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৩১ বার পঠিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী ডাঃ আফছার উদ্দিন কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মাহবুবুল ইসলাম নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা ও শুভকামনা জানান। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষা জীবনের একাদশ ও দ্বাদশ শ্রেণি ক্যারিয়ার গড়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। সময়নিষ্ঠতা, অধ্যবসায় ও অনুশাসন মেনে চললে সফল ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।
তিনি লেখাপড়ার পাশাপাশি কলেজের বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ কারণে আমন্ত্রিত প্রধান অতিথি চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ডাঃ আফছার উদ্দিন কলেজের সভাপতি বি.এম. তারিক-উজ-জামান উপস্থিত থাকতে পারেননি।
এ সময় কলেজের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
























