কুয়েটে ড. এম. এ. রশীদ হলের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
- আপডেট সময় : ০২:৫০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ২৭ বার পঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ড. এম. এ. রশীদ হলের ২০২০ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ড. এম. এ. রশীদ হলের প্রভোস্ট ড. রুবাইয়াত মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলী।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালন শাহ্ হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ শরিফুল ইসলাম এবং ফজলুল হক হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আরিফুজ্জামান।
অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে অর্জিত জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে। তিনি বিদায়ী শিক্ষার্থীদের কর্মজীবনের সাফল্য কামনা করেন। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের নিষ্ঠা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ড. এম. এ. রশীদ হলের প্রভোস্ট ড. রুবাইয়াত মোস্তাক বিদায়ী শিক্ষার্থীদের সুন্দর ও সফল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের হলের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি মনোযোগী হয়ে শিক্ষাজীবনকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ড. এম. এ. রশীদ হলের সহকারী প্রভোস্টবৃন্দ, বিদায়ী ও নবীন শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নবীনদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানানোর মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

























