অভয়নগরে মাদকবিরোধী সচেতনতামূলক সভা
- আপডেট সময় : ০৭:৫৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / ৩৭ বার পঠিত

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মডেল কলেজ মাঠে গ্রামবাসীর উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) অনুষ্ঠিত এ সভায় সাবেক কাউন্সিলর শেখ আসাদুল্লাহ আসাদের সঞ্চালনায় এবং এটিএন নিউজের স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অভয়নগর থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. নুরুজ্জামান বলেন, মাদক নির্মূলে কোনো ধরনের আপসের সুযোগ নেই। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সামাজিক ও আইনগত প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি এলাকাবাসীকে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম মল্লিক মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার জন্য স্থানীয়ভাবে একটি কমিটি গঠনের প্রস্তাব দেন এবং এ বিষয়ে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা শেখ আসাদুল্লাহ আসাদ, শেখ আলী আকবার, তেঁতুলতলা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সরোয়ার হোসেন, ফিরোজ আহমেদ, রিপন, রাকিব, হারুন অর রশীদ, তরিকুল ইসলাম রুবেল ও হৃদয় হাসান। সভায় বিএনপি নেতা রাজু আহমেদ, মুরাদ, জি.এম. বাচ্চু, আসাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা মাদক, ধূমপানসহ সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, অভিভাবকদের সন্তানদের প্রতি আরও বেশি নজরদারি রাখতে হবে এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকবিরোধী আন্দোলনে একসঙ্গে কাজ করতে হবে।





















