আরএমপি কমিশনারের সঙ্গে BSTS ও RJP প্রতিনিধিদলের সাক্ষাৎ
- আপডেট সময় : ১০:৩১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ৬৫ বার পঠিত

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সোসাইটি (BSTS) এবং রাজশাহী জুনিয়র প্রোগ্রামার্স (RJP)-এর একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন BSTS-এর সভাপতি ও RJP-এর প্রধান পরিচালক তারেক আবরার। এ সময় তিনি পুলিশ কমিশনারের হাতে সংগঠন দুটির নিজস্ব প্রকাশনা ‘Vertex’ ম্যাগাজিনের একটি সৌজন্য কপি তুলে দেন।
সাক্ষাৎকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উত্তরবঙ্গের সর্ববৃহৎ প্রযুক্তি উৎসব ‘RJP Tech Fest’ সফলভাবে আয়োজনের ক্ষেত্রে সহযোগিতা এবং পুলিশ লাইনস স্কুলের সাফল্যে অবদান রাখায় পুলিশ কমিশনারকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান RJP-এর সদস্যরা।
জবাবে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান, সৃজনশীলতা ও দক্ষতা বিকাশে RJP-এর বিভিন্ন শিক্ষামূলক ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, তরুণ প্রজন্মকে প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পাশাপাশি শিক্ষার্থীদের প্রযুক্তিগত বিকাশ ও সংগঠনটির শিক্ষামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
এ সময় RJP-এর সহকারী একাডেমিক সেক্রেটারি বৃত্তিক রায় এবং সহকারী মানবসম্পদ ব্যবস্থাপনা (HRM) সেক্রেটারি সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন।


























