আরবপুরের জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ক্রেতাপক্ষের সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৪:৪৪:০২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ৫৩ বার পঠিত

যশোর শহরের আরবপুর এলাকায় ২৩.৮৬ শতক জমি বিক্রয়কে কেন্দ্র করে অপপ্রচার ও হয়রানির অভিযোগ তুলে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন জমির মালিক দাবি করা বেনাপোলের দুই ব্যবসায়ী। সোমবার (৮ জুন) দুপুরে প্রেসক্লাব যশোর-এ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে গত ৬ জুন প্রতিপক্ষ সায়াদ হোসেনের করা সংবাদ সম্মেলনের জবাবে তারা এ আয়োজন করেন। লিখিত বক্তব্য পাঠ করেন ক্রেতাপক্ষের প্রতিনিধি সিয়ামুজ্জামান।
লিখিত বক্তব্যে বলা হয়, ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি জমির মূল মালিক মরহুম আব্দুস সালাম সরদার ওরফে হবি সরদারকে তার পরিবারের সদস্যদের সহযোগিতায় মারধর করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকায় তার মেয়ের বাসায় নিয়ে যায়। ঘটনার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং এ ঘটনায় তিনি পরিবারের সদস্যদের বিরুদ্ধে আদালতে মামলা করেন।
ক্রেতাপক্ষের দাবি, অসুস্থ অবস্থায় আর্থিক সংকটে পড়ে চিকিৎসা ব্যয়ের জন্য হবি সরদার তার একমাত্র কন্যা ও জামাতার উপস্থিতিতে সর্বোচ্চ দরদাতার কাছে ২৩.৮৬ শতক জমি বিক্রি করেন। বিক্রির সময় তার স্ত্রী ও এক ছেলে সাক্ষী ছিলেন বলেও তারা জানান। জমি বিক্রির পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তারা আরও দাবি করেন, নিয়ম অনুযায়ী জমির নামজারি (মিউটেশন) সম্পন্ন করে খাজনা পরিশোধ করা হয়েছে এবং দীর্ঘদিন ধরে বাউন্ডারি নির্মাণ করে ভোগদখলে রয়েছেন। জমির একটি অংশে লেদ কারখানাও ভাড়ায় পরিচালিত হচ্ছে।
ক্রেতাপক্ষ অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ সায়াদ হোসেন ও তার অনুসারীরা ওই জমি দখলের চেষ্টা চালাচ্ছে এবং বাউন্ডারি ও কারখানার মালামাল ক্ষতিগ্রস্ত করেছে। এসব ঘটনায় তারা অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন।
সংবাদ সম্মেলনে এসব অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে ক্রয়কৃত জমিতে অবৈধ অনুপ্রবেশ বন্ধ, অপপ্রচার রোধ এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপসহ সাত দফা দাবি জানানো হয়।
উল্লেখ্য, এর আগে ৬ জুন প্রতিপক্ষ সায়াদ হোসেন সংবাদ সম্মেলনে দাবি করেন, তার পিতার মৃত্যুর পর সম্পত্তি নিয়ে চক্রের দখলচেষ্টা চলছে এবং আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জমি নিয়ে বিরোধ সৃষ্টি করা হচ্ছে।


























