কালিয়ায় ঈমন মটরসে অগ্নিকাণ্ড
- আপডেট সময় : ০৭:৫২:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- / ৬৫ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলা শহরের পোস্ট অফিস রোডে অবস্থিত ঈমন মটরসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাতটি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে শিশুবিদ্যা নিকেতনের সামনে অবস্থিত মোটরসাইকেল বিক্রয় ও সার্ভিসিং প্রতিষ্ঠানটিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করে দোকানটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে দোকানে থাকা বিভিন্ন কোম্পানির সাতটি মোটরসাইকেল আগুনে পুড়ে সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী হয়ে যায়। এছাড়া দোকানের বিভিন্ন যন্ত্রপাতি ও মালামালও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে কালিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তদন্ত শেষে জানা যাবে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় দোকানের মালিক মুকুল ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বাজার এলাকায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, বৈদ্যুতিক সংযোগ নিয়মিত পরীক্ষা এবং জরুরি অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিশ্চিত করার দাবি জানিয়েছেন।


























