কিডনি বিকল রনির চিকিৎসায় আল মামুন ফাউন্ডেশনের সহায়তা
- আপডেট সময় : ০৮:৪৮:৩২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ১১ বার পঠিত

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রনি হোসেনের (২৮) চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে আল মামুন ফাউন্ডেশন। দুটি কিডনি অকেজো হয়ে গুরুতর অসুস্থ রনির চিকিৎসা ব্যয় নির্বাহে ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
সোমবার দুপুরে নরেন্দ্রপুর ইউনিয়নের জামতলা হাটবিলা এলাকায় রনির বাড়িতে গিয়ে এ আর্থিক সহায়তা তুলে দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। এ সময় তিনি রনির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম বলেন, রনির জন্য এখনো উপযুক্ত কিডনি ডোনার পাওয়া যায়নি। ডোনার পাওয়া গেলে তার চিকিৎসার ব্যয় বহনে সবাইকে নিয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তিনি রনির দ্রুত সুস্থতা কামনা করে বলেন, আল্লাহর রহমতে তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন—এটাই সবার প্রত্যাশা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন রনি হোসেন। ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে তিনি ও তার পরিবার চরম আর্থিক সংকটে পড়েছেন। এমন পরিস্থিতিতে মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে তার পাশে দাঁড়িয়েছে আল মামুন ফাউন্ডেশন।
এ সময় উপস্থিত ছিলেন আল মামুন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন, সাধারণ সম্পাদক ডা. সাকির আহমেদ শুভ্র, যুগ্ম সম্পাদক আসলাম শেখ, সদস্য মামুন হোসেন ও খন্দকার ফকরুজ্জামান রাসেল, কৃষকদল নেতা আব্দুল আজিজ, যুবদল নেতা রাকিব হোসেন মুন্সী ও আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল ইসলাম, সেলিম রেজা, গোলাম রসুল, আনারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

















