ডুমুরিয়ায় গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন
- আপডেট সময় : ০৬:০৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ৫৪ বার পঠিত

খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নে গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে আইনি সেবা সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) মাগুরখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ ক্যাম্পেইন সম্পন্ন হয়।
গ্রাম আদালতের গুরুত্ব ও জনগণের দোরগোড়ায় সহজলভ্য আইনি সেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত এ কর্মসূচিতে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, তথ্যচিত্র ও ভিডিও প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিচারপ্রার্থীরা সহজেই ন্যায়বিচার পেতে পারেন। আলোচনা সভা শেষে গ্রাম আদালতের কার্যপ্রক্রিয়া ও সফলতার বিভিন্ন দিক তুলে ধরে নির্মিত একটি সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয়। এতে উপস্থিত এলাকাবাসী গ্রাম আদালত সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।
ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ ছিল গ্রাম আদালত বিষয়ক তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতা। এতে স্থানীয় বাসিন্দা ও সেবাগ্রহীতারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও সক্রিয়ভাবে অংশ নেওয়া ২০ জনের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। মাগুরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মরিয়ম খাতুন। তিনি গ্রাম আদালতের আইনি কাঠামো ও এর বিভিন্ন সুবিধা সহজ ভাষায় তুলে ধরেন।
তিনি বলেন, “গ্রাম আদালত গ্রামীণ জনপদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং আদালতের মামলার জট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাধারণ মানুষ যাতে এই সেবার সর্বোচ্চ সুবিধা গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যেই আমাদের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারী এলাকাবাসী এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি আরও বিস্তৃত পরিসরে আয়োজনের আহ্বান জানান।


























