শতভাগ উপস্থিতি ও এসএসসি ফলাফল উন্নয়নে গুরুত্ব
ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক মতবিনিময়
- আপডেট সময় : ০৪:১৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৭৭ বার পঠিত

বাগেরহাটের চিতলমারী উপজেলার ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় সমাজসেবক, রাজনৈতিক নেতা ও শিক্ষানুরাগীরা অংশ নেন।
সভায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা, পরীক্ষার ফলাফল এবং শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল হাজরা বলেন, ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের ভালো-মন্দ দুই সময়ই তিনি দেখেছেন। বর্তমান সভাপতি মো. শিপন মুন্সী একজন শিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তি। তাঁর দূরদর্শিতা ও অভিজ্ঞতার মাধ্যমে বিদ্যালয়ে আবারও প্রাণচাঞ্চল্য ও সুন্দর শিক্ষার পরিবেশ ফিরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিদ্যালয়ের সভাপতি মো. শিপন মুন্সী বলেন, একসময় ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলার সেরা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল। সেই সুনাম ও ধারাবাহিকতা ফিরিয়ে আনতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি আসন্ন প্রি-টেস্ট ও টেস্ট পরীক্ষায় ফলাফল উন্নত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও পড়াশোনায় মনোযোগী করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা প্রয়োজন।
সভাপতি আরও বলেন, কোনো শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হলে প্রযোজ্য শিক্ষা বিধি ও কর্তৃপক্ষের নিয়ম অনুসরণ করে এসএসসি পরীক্ষার ফরম পূরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো শিক্ষার্থীর আচরণগত সমস্যা দেখা দিলে প্রথমে তার অভিভাবককে অবহিত করা হবে। এরপরও অভিভাবক বিদ্যালয়ে না এলে কিংবা শিক্ষার্থীর আচরণে পরিবর্তন না হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিভাবক সাইফুল সরদার ও মো. ওবায়দুল শেখ বলেন, সন্তানদের পড়াশোনা ও আচরণের বিষয়ে অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে। শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে কি না এবং পড়াশোনায় কেমন অগ্রগতি করছে, সে বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখা প্রয়োজন।
শিবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. তুহিন মোল্লা বলেন, কোনো শিক্ষার্থীর উপস্থিতি বা শৃঙ্খলায় সমস্যা হলে অভিভাবকদের বিদ্যালয়ে ডেকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। বারবার ডাকার পরও অভিভাবক বিদ্যালয়ে না এলে এবং শিক্ষার্থীর উন্নতি না হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।
ইংরেজি শিক্ষক কামরুজ্জামান খান পিকলুর সঞ্চালনায় সভায় মো. শিপলু শেখ, বেলাল খান, এনামুল শেখসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, সমাজসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত, অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ এবং শিক্ষক-অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মান ও এসএসসি পরীক্ষার ফলাফল আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


























