ছিনতাইয়ের অভিযোগ
নড়াইলে ব্যবসায়িক বিরোধে পান ব্যবসায়ীকে মারধর
- আপডেট সময় : ০৯:৪৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ৫৫ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে পূর্বের ব্যবসায়িক বিরোধের জেরে এক পান ব্যবসায়ীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যবসায়ী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল সোমবার (২৯ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পান ব্যবসায়ীদের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক বিরোধ চলে আসছিল। এরই জেরে প্রতিপক্ষের লোকজন পান ব্যবসায়ী নওশের দাঁড়িয়ার ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় তাকে মারধর করার পাশাপাশি তার কাছ থেকে নগদ টাকা ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা আহত নওশের দাঁড়িয়াকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, ঘটনার খবর পেয়ে সোমবার রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


























