
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার সরসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পহরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রোটারি (ইউনিটি ফর গুড)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) আয়োজিত এ কর্মসূচির আয়োজন করেন রোটারিয়ান এস এম আহমেদ আলী পিএইচএফ, প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অব চিটাগাং মিডটাউন এবং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বি এম নজরুল ইসলাম কাবুল, কালিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও নিবিড়ভাবে জড়িত।”
রোটারিয়ান এস এম আহমেদ আলী পিএইচএফ বলেন, “বৃক্ষরোপণ একটি মহৎ ও মানবকল্যাণমূলক কাজ। এটি আমাদের মহান করে তোলে এবং ইসলামের দৃষ্টিতে সদকায়ে জারিয়া হিসেবে বিবেচিত। তাই প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যা করা।”
আলোচনা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থী ও উপস্থিত ব্যক্তিদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।






















