নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫
- আপডেট সময় : ১২:৪০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ৬৭ বার পঠিত

নারায়ণগঞ্জের মদনপুরে একটি ফ্ল্যাট বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন আব্দুল মান্নান (৫০), তার স্ত্রী সুলতানা আক্তার (৩৫), ছেলে সিয়াম (১৯), মেয়ে মিম (১৩) এবং অন্য পরিবারের শিশু হযরত আলী (৮)।
দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, দগ্ধদের মধ্যে সুলতানা আক্তারের শরীরের ৯০ শতাংশ, ছেলে সিয়ামের ৭৭ শতাংশ, মেয়ে মিমের ৪১ শতাংশ এবং আব্দুল মান্নানের ৩০ শতাংশ অংশ পুড়ে গেছে। তাদের চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সবার অবস্থাই আশঙ্কাজনক। এছাড়া হযরত আলী নামে অপর পরিবারের এক শিশুর শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসার ভেতরে জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।


























