
ইসলামী ব্যাংক থেকে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংকটির সুশাসন নিশ্চিত করা এবং বিভিন্ন দাবিতে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১১টায় শহরের ইসলামী ব্যাংক মাগুরা শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, মাগুরা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে ব্যাংকের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খাইরুল ইসলাম, গ্রাহক হুজাইফা, মাসুদুল আলমসহ অন্যান্য বক্তারা।
বক্তারা অভিযোগ করেন, অতীতে ইসলামী ব্যাংকে ব্যাপক অনিয়ম ও আর্থিক দুর্নীতির ঘটনা ঘটেছে। তারা দাবি করেন, ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রমে বিভিন্নভাবে হস্তক্ষেপ করা হচ্ছে, যা গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে।
সমাবেশ থেকে ছয় দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহাল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) কামাল উদ্দিন জসীমকে অপসারণ, চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগ এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থার বিরুদ্ধে কথিত ষড়যন্ত্র বন্ধ করা।
এ ছাড়া ব্যাংকের ওপর গভর্নরের ‘অবৈধ হস্তক্ষেপ’ বন্ধ, গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা দাবি করেন, ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করা হলে গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় হবে।
কর্মসূচি শেষে আয়োজকরা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।






















