বগুড়ায় টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন
- আপডেট সময় : ০৭:৩১:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ৪২ বার পঠিত

বগুড়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, অক্টোবর-২০২৬-এর দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এদিন প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা নেওয়া হয়।
‘সেবার ব্রতে চাকরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া পুলিশ লাইনস মাঠে এ নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শারীরিক সক্ষমতা যাচাইয়ের (Physical Endurance Test—PET) চারটি ইভেন্টে প্রার্থীদের শারীরিক যোগ্যতা, সক্ষমতা ও দক্ষতা যাচাই করা হয়।
নিয়োগ কার্যক্রমে নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। তিনি নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করেন।
এ সময় টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।


























