ভারতে পাচারের শিকার ১৪ বাংলাদেশি ফিরলেন দেশে
- আপডেট সময় : ০১:০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
- / ৫৩ বার পঠিত

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার হওয়া ১৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। শুক্রবার (১২ জুন) রাত ৮টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে হস্তান্তর করা হয়। ফেরত আসা ব্যক্তিদের বাড়ি সুনামগঞ্জ, যশোর ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের তদন্ত কর্মকর্তা সৈয়দ মোর্তজা আলী জানান, প্রয়োজনীয় ইমিগ্রেশন কার্যক্রম শেষে ফেরত আসা ১৪ বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমের জন্য তাদের গ্রহণ করেছে মানবাধিকারভিত্তিক বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার।
জাস্টিস অ্যান্ড কেয়ারের বেনাপোল শাখার প্রতিনিধি শরিফুল ইসলাম জানান, ভালো চাকরির প্রলোভনে পড়ে এসব ব্যক্তি দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথ ব্যবহার করে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তারা ভারতীয় পুলিশের হাতে আটক হন।
তিনি আরও জানান, পরে আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন শেল্টার হোমে রাখা হয়। ভারতীয় মানবাধিকার সংস্থার সহযোগিতায় প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পান।
ফেরত আসা ব্যক্তিদের আইনি সহায়তা, কাউন্সেলিং এবং পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়ার কার্যক্রম পরিচালনা করবে জাস্টিস অ্যান্ড কেয়ার।
























