যশোরে চোরাই মোটরসাইকেলসহ আটক ১
- আপডেট সময় : ১১:১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৫ বার পঠিত

যশোরের উপ-শহর পুলিশ ক্যাম্পের অভিযানে চুরির ২৪ ঘণ্টার মধ্যে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হানিফ ওরফে অনিক (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে যশোর শহরের ঘোপ এলাকার পিলুখান সড়কের বাসিন্দা কাজী নাইমুর রহমান (২৬) তাঁর ক্রয়কৃত FZ V-2 মোটরসাইকেলটি বাড়ির গ্যারেজে রেখে যান। পরদিন সকালে গ্যারেজে মোটরসাইকেলটি না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন তিনি। পরে বিষয়টি থানায় অভিযোগ করেন।
অভিযোগের পর মোটরসাইকেল উদ্ধারে যশোর জেলার বিভিন্ন স্থানে অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন বাহাদুরপুর বাঁশতলা গ্যাস পাম্পসংলগ্ন বাইক হসপিটাল গ্যারেজের সামনে অভিযান চালায় উপ-শহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল।
অভিযানকালে সেখান থেকে মোঃ হানিফ ওরফে অনিককে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে চোরাই FZ V-2 মোটরসাইকেল ও একটি বাটন SYMPHONY HERO 20 মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক হানিফ ওরফে অনিক যশোরের কোতোয়ালী থানার কিসমত নওয়াপাড়া এলাকার (একমিডিপোর পেছনে) মৃত কবির হোসেনের ছেলে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিকে ২৯ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
























