যশোর আইটি পার্কে বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৯:৩৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ১৫ বার পঠিত

বকেয়া বেতন ও ভাতা পরিশোধের দাবিতে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে মানববন্ধন করেছেন সেখানে কর্মরত মৃগেনী সার্ভিসেস লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধনে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। এ সময় তাঁরা দ্রুত তাঁদের পাওনা বেতন-ভাতা পরিশোধের দাবি জানান।
মানববন্ধনে অংশ নেওয়া কর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে তাঁদের বেতন ও বিভিন্ন ভাতা বকেয়া রয়েছে। পাওনা পরিশোধ না হওয়ায় তাঁরা পরিবার-পরিজন নিয়ে আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। নিয়মিত কাজ করেও বেতন না পাওয়ায় তাঁদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। কর্মীরা বলেন, তাঁদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তাঁরা অবিলম্বে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান।
কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোশাররফ হোসেন। এ ছাড়া সিসিটিভি মনিটরিং কর্মকর্তা আব্দুর রহমান, নিরাপত্তা সুপারভাইজার গোলাম রসুল, ডগার মেশিন অপারেটর কামরুজ্জামান দিপু, প্লাম্বিং কর্মী মো. সোহান হোসেন ও ক্লিনার মারুফ হোসেন লিটনসহ নিরাপত্তাকর্মী এবং অন্যান্য স্টাফরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে কর্মীরা দ্রুত বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান। দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।




















