
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় নিম্ন আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ রায় উচ্চ আদালতেও বহাল থাকবে বলে আশা করা হচ্ছে। রবিবার (৭ জুন) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “রামিসার এই বেদনাদায়ক ঘটনায় জাতি গভীরভাবে ব্যথিত ছিল। আমরা তাকে ফিরিয়ে আনতে পারব না, তবে বিচার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করেছি।” তিনি জানান, ঘটনার মাত্র কয়েক দিনের মধ্যেই তদন্ত সম্পন্ন করে ২৪ মে’র মধ্যে চার্জশিট দাখিল করা সম্ভব হয়েছে। ১৯ মে ঘটনার পর দ্রুত তদন্ত কার্যক্রম শেষে চার্জশিট দাখিল করা হয়। ১ জুন চার্জ গঠন করা হয় এবং মাত্র ছয় কার্যদিবসের মধ্যে মামলার বিচার সম্পন্ন হয়, যা দেশের ইতিহাসে বিরল ঘটনা।
তিনি আরও জানান, বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে আদালতের ছুটির আওতা পুনর্বিবেচনার প্রস্তাব পাঠানো হয়েছিল এবং প্রধান বিচারপতির সম্মতিতে শিশু ট্রাইব্যুনালকে ছুটির আওতামুক্ত রাখা হয়। এর ফলে দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়েছে। এ রায়ে আমরা আপাতত সন্তুষ্ট। উচ্চ আদালতে আপিল হলেও রায় বহাল থাকবে বলে আশা করি।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সাত দিনের মধ্যে মামলার নথি হাইকোর্ট বিভাগে পাঠানো হবে। সেখানে পেপারবুক প্রস্তুতসহ পরবর্তী কার্যক্রম সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সম্পন্ন হবে। এর আগে দ্রুত বিচার নিষ্পত্তির ক্ষেত্রে মেজর সিনহা হত্যা মামলা ও বুয়েটের আবরার ফাহাদ হত্যা মামলার উদাহরণ রয়েছে। রামিসা মামলাটি দ্রুত নিষ্পত্তির বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা হয়েছে। যত দ্রুত সম্ভব উচ্চ আদালতে নিষ্পত্তির চেষ্টা করা হবে।






















