শার্শায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:৫৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২২ বার পঠিত

যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি আবু জাফর (৫৮)। তিনি দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত জেহের আলী মোড়লের ছেলে।
পুলিশ জানায়, শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-৩০২-এর মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ধারায় চলমান তদন্তে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।
শার্শা থানা পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আবু জাফর ১০ নম্বর শার্শা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক জানান, নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আবু জাফরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শার্শা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।























