
যশোরের যশোর জেনারেল হাসপাতাল থেকে সরকারি ১ হাজার পিস সিরিঞ্জ ও ৪৮ পিস প্লাস্টার চুরির ঘটনায় দুই নারী কর্মীকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (০৩ জুন) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে। হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে থেকে চুরির মালামালসহ প্রথমে একজন পরিচ্ছন্নকর্মীকে আটক করে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা। পরবর্তীতে তার স্বীকারোক্তির ভিত্তিতে আরও একজন আয়া কর্মীকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন—নাদিরা (৪০), যিনি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে পরিচ্ছন্নকর্মী হিসেবে কর্মরত। তার বাড়ি যশোরের কোতোয়ালী থানার চানপাড়া এলাকায়। অপরজন জ্যোতি (৪০), তিনি সার্জারি ওয়ার্ডে আয়া হিসেবে কর্মরত এবং তার বাড়ি বাহাদুরপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, নাদিরা একটি বড় কার্টুনে করে হাসপাতালের সরকারি সিরিঞ্জ ও প্লাস্টার লুকিয়ে রিকশাযোগে বের হওয়ার চেষ্টা করছিলেন। সন্দেহজনক গতিবিধি দেখে হাসপাতালের গেট এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা তল্লাশি চালালে কার্টুনের ভেতর থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাদিরা স্বীকার করেন, এ ঘটনায় জ্যোতিও তার সঙ্গে জড়িত ছিলেন এবং তারা দু’জন মিলে এসব মালামাল পাচারের পরিকল্পনা করেন বলে দাবি করা হয়।
পরে আটক দুইজনকে হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে যশোরের কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
























