৪৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ইসলামিক স্কুল এন্ড মডেল মাদ্রাসা
- আপডেট সময় : ১০:২৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৯ বার পঠিত

ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৪৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামিক স্কুল এন্ড মডেল মাদ্রাসা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) শৈলকুপায় আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা। একই সঙ্গে শিক্ষার্থীদের পরিবেশের প্রতি সচেতন করে তুলতে প্রত্যেককে গাছের চারা উপহার দেওয়া হয়। এ সময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের গাউন পরিয়ে সমাবর্তনের সাজে সাজানো হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান আলী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার প্রফেসর গোলাম মওলা, মেজর মোসলেম উদ্দিন শিকদার (অব.) এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক গোলাম মাওলা চঞ্চল।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শাহিনুর আলম লিটন, সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমান, শৈলকুপা উপজেলা শাখার সভাপতি জামির হোসেন, শৈলকুপা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন বাগচি, শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা সহকারী প্রধান শিক্ষক রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষক আব্দুল আজিজ এবং শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক কোবাদ আলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের এ সাফল্য তাদের মেধা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি। এ ধরনের সংবর্ধনা ও সম্মাননা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। পাশাপাশি পড়াশোনার পাশাপাশি পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের গাছ লাগানোর আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।























