শার্শায় পুলিশ সদস্যের বিরুদ্ধে চার কৃষককে কুপিয়ে জখমের অভিযোগ
- আপডেট সময় : ০৮:১৯:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ৭৮ বার পঠিত

যশোরের শার্শা উপজেলায় চাঁদার টাকা না পেয়ে চার কৃষককে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম তোতা নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার কন্দর্পপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গোলাম হোসেন বুদোর অবস্থা আশঙ্কাজনক বলে স্বজনেরা জানিয়েছেন।
আহত চারজন হলেন কন্দর্পপুর গ্রামের মকছেদ আলীর ছেলে গোলাম হোসেন বুদো (৪৫), একই গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে জামিরুল ইসলাম (৪৫) ও তাঁর ছোট ভাই আমিরুল ইসলাম (৪০) এবং গাতিপাড়া গ্রামের বেতনা পাড়ার আবু সিদ্দিকীর ছেলে মহসিন (৩২)। তাঁরা সবাই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।
অভিযোগ রয়েছে, হামলার পর অভিযুক্ত ব্যক্তির ভয়ে আহত ব্যক্তিরা হাসপাতালে যেতে সাহস পাননি। স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়ার পর তাঁরা বাড়িতে অবস্থান করছিলেন। বিষয়টি জানতে পেরে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনিছুর রহমানকে পাঠান। রোববার দুপুরে পুলিশ গোলাম হোসেন বুদোকে তাঁর বাড়ি থেকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি নাভারণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, শহিদুল ইসলাম তোতা কন্দর্পপুর গ্রামের রেজাউল সরদার সোনার ছেলে। জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় তিনি খাগড়াছড়ির একটি পুলিশ ক্যাম্প থেকে পালিয়ে নিজ গ্রামে আসেন। এ সময় তাঁর সঙ্গে অস্ত্র ছিল বলেও অভিযোগ রয়েছে। এরপর থেকে এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায়, মারধর, বাড়িঘর ভাঙচুর ও জমি দখলসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
স্থানীয়দের দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাধারণ মানুষকে মারধর ও নানাভাবে হয়রানি করা হয়। এসব অভিযোগে এর আগে শার্শা থানা-পুলিশ তাঁকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছিল। পরে জামিনে মুক্ত হয়ে আবারও একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ স্থানীয়দের।
নাম প্রকাশ না করার শর্তে কন্দর্পপুর গ্রামের কয়েকজন ব্যবসায়ী ও ভুক্তভোগী বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় পুলিশ ক্যাম্প থেকে অস্ত্র নিয়ে গ্রামে ফেরার পর থেকেই তোতা অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি করছেন। রাতে নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন মানুষের কাছে চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে মারধরের ভয় দেখান বলে তাঁদের অভিযোগ। এসব কারণে এলাকার সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন।
আহত গোলাম হোসেন বুদো অভিযোগ করে বলেন, শহিদুল ইসলাম তোতা তাঁর কাছে চাঁদা দাবি করেছিলেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে শনিবার সকালে মাঠ থেকে বাড়ি ফেরার পথে তাঁকে মারধর করা হয়। একপর্যায়ে হাসুয়া ও দা দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে রোববার দুপুরে পুলিশ তাঁকে বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় সূত্রের দাবি, শহিদুল ইসলাম তোতার বিরুদ্ধে শার্শা থানায় চাঁদাবাজি, মাদক, ঘের দখল, বাড়িঘর ভাঙচুর, অপহরণ ও মারধরসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে নিজামপুর ইউনিয়ন ও কন্দর্পপুর গ্রামের বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মীও দাবি জানিয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে নেতাদের কেউ প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি।
তবে অভিযুক্ত শহিদুল ইসলাম তোতা পলাতক থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। পরবর্তীতে তার বক্তব্য পাওয়া গেলে যথাযথভাবে তুলে ধরা হবে।
এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, ঘটনার খবর পেয়ে রোববার দুপুরে পুলিশ পাঠিয়ে আহত গোলাম হোসেন বুদোকে তাঁর বাড়ি থেকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত শহিদুল ইসলাম তোতার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


























