আলমডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- আপডেট সময় : ১১:৫০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ১২ বার পঠিত

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
পরে উপজেলা পরিষদের মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিকাইল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, একাডেমিক সুপারভাইজার ইমরুল কায়েস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলাউদ্দিন এবং আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মাহবুব আলম।
এ ছাড়া অনুষ্ঠানে আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. বশিরুল আলম, সাধারণ সম্পাদক রুনু খন্দকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফাহিম ফয়সাল, সাবেক সভাপতি খোন্দকার শাহ আলম মন্টুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির আলোকিত ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান বিতরণ করেন না; তাঁরা শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিকতার শিক্ষা দিয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলেন।
বক্তারা আরও বলেন, সুন্দর, সমৃদ্ধ ও মানবিক সমাজ বিনির্মাণে শিক্ষকদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখা জরুরি। শিক্ষকদের যথাযথ সম্মান, সুযোগ-সুবিধা ও সহযোগিতা নিশ্চিত করা গেলে শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি দেশ ও জাতির অগ্রগতিও ত্বরান্বিত হবে।
সভায় বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের সব শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।























