
মধ্যপ্রাচ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সোমবার (৮ জুন) এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরপরই অপরিশোধিত তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।
বাজারসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর এই প্রথম সরাসরি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এর ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
হামলার পর আন্তর্জাতিক বাজারে তেলের প্রধান বেঞ্চমার্ক ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে লেনদেন হওয়া ‘ইউএস ক্রুড’-এর দাম ২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, এপ্রিলের যুদ্ধবিরতির পর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্থির ছিল। মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক জ্বালানি সরবরাহে সম্ভাব্য প্রভাব নিয়ে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের উদ্বেগের কারণে গত এক সপ্তাহ ধরেই তেলের দাম ৯৫ ডলারের আশপাশে ঘোরাফেরা করছিল।
বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলে শান্তি প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়বে, যার প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।























