যশোর সীমান্তে প্রায় ১০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
- আপডেট সময় : ০৮:৫৭:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ৮ বার পঠিত

যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, ফুচকা, জিরা, চকলেট, কিশমিশ ও কসমেটিকসসহ প্রায় ১০ লাখ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩০ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)–এর বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ৮০টি শাড়ি, ৯৭ কেজি ফুচকা, ২ দশমিক ৫ কেজি জিরা, ৪৭টি চকলেট, ৩ কেজি কিশমিশ, ৪ প্যাকেট সনপাপড়ি, ৯টি চাটনি, ৬ প্যাকেট পেস্তাবাদাম এবং ৪৪৩টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ৯ লাখ ৫৯ হাজার ৬৮০ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।























