শার্শায় এক ঘন্টায় ধর্ষক গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:৩৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ২১ বার পঠিত

যশোরের শার্শায় তৃতীয় শ্রেণির ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মকছেদ আলী (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মকছেদ আলী শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের মহিষা মোল্লাপাড়া গ্রামের মৃত কোরবান আলী মোড়লের ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি মহিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত মকছেদ আলী শিশুটির প্রতিবেশী। গত ১২ আগস্ট বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পর শিশুটি খেলতে বের হলে মকছেদ আলী তাকে টাকার প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের একটি ঘেরের পাড়ে নিয়ে যান বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
সেখানে ভয় দেখিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয় এবং পরে তার হাতে ২০ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ভয়ে শিশুটি প্রথমে বিষয়টি কাউকে জানায়নি। পরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে এক প্রতিবেশী নারীর কাছে ঘটনার কথা জানায়। বিষয়টি শিশুটির বাবার কাছে পৌঁছালে তিনি মেয়ের কাছ থেকে বিস্তারিত শুনে শার্শা থানায় মামলা করেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ শামীমুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়েরের পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।




















