শ্যামনগরে যুবলীগ নেতা শুভর বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার অভিযোগ
- আপডেট সময় : ০৯:৪১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ৪৯ বার পঠিত

সাতক্ষীরার শ্যামনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত কৈখালী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম শুভর বিরুদ্ধে। অভিযোগ ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, গত ৫ আগস্ট ভারতে চলে যাওয়া সাবেক এমপি আতাউল হক দোলন সেখান থেকে বিভিন্ন গ্রুপের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী আবুল কালাম শুভসহ সহযোগীরা শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনা করছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগকারীদের দাবি, কৈখালী ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন পয়েন্টে নাশকতার সম্ভাব্য ছক তৈরি করা হয়েছে। এ কাজে বিভিন্ন গ্রুপকে সমন্বয় করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয় কয়েকটি সূত্র আরও অভিযোগ করেছে, আবুল কালাম শুভকে ঘিরে একটি সক্রিয় গ্রুপ দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের দাবি, এলাকায় প্রভাব বিস্তারের মাধ্যমে ওই গ্রুপ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।
অভিযোগের বিষয়ে মুঠোফোনে আবুল কালাম শুভ বলেন, আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমি আওয়ামী লীগ করি। দলকে সুসংগঠিত করাটাই আমার কাজ। তবে তাঁর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা, চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগের বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
এদিকে স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ নাগরিকদের দাবি, এলাকায় অস্থিতিশীলতা বা নাশকতার কোনো পরিকল্পনা থাকলে তা দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

























