উচ্ছ্বসিত ক্রীড়াঙ্গন
লাল-সবুজের দলে সৈয়দপুরের দুই ক্রিকেটার
- আপডেট সময় : ০৬:৩২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ৮০ বার পঠিত

দেশের ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে একসঙ্গে জায়গা করে নিয়েছেন নীলফামারীর সৈয়দপুরের দুই কৃতি সন্তান। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ডানহাতি পেসার রবিউল হক রুবেল। অন্যদিকে, ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য তৃতীয়বারের মতো জাতীয় দলের স্কোয়াডে সুযোগ পেয়েছেন আব্দুল গফফার সাকলাইন।
একই শহরের দুই ক্রিকেটারের জাতীয় দলে অন্তর্ভুক্তির খবরে সৈয়দপুরজুড়ে বইছে আনন্দের জোয়ার। স্থানীয় ক্রীড়ামোদী, ক্রিকেটপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
জিম্বাবুয়ে টেস্টে প্রথমবার রবিউল
দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক নৈপুণ্য প্রদর্শনের পুরস্কার হিসেবে জাতীয় দলের দরজায় কড়া নাড়লেন সৈয়দপুর শহরের কয়ানিজপাড়া এলাকার বাসিন্দা রবিউল হক রুবেল। জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য একমাত্র টেস্ট ম্যাচের স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন তিনি।
জাতীয় দলে সুযোগ পাওয়ার খবরে উচ্ছ্বসিত রবিউল ও তার পরিবার। একই সঙ্গে তাকে নিয়ে গর্বে ভাসছে পুরো নীলফামারী জেলার ক্রিকেটাঙ্গন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকের অপেক্ষায় সাকলাইন
সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়া এলাকার বাসিন্দা আব্দুল গফফার সাকলাইনের ওপর আবারও আস্থা রেখেছেন জাতীয় দলের নির্বাচকরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য তাকে দলে রাখা হয়েছে। এটি তার তৃতীয়বারের মতো জাতীয় টি-টোয়েন্টি স্কোয়াডে অন্তর্ভুক্তি।
ক্রিকেট বিশ্লেষকদের ধারণা, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে এই প্রতিশ্রুতিশীল ক্রিকেটারের।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২১ জুন।
সৈয়দপুরে আনন্দের জোয়ার
সৈয়দপুরের স্থানীয় ক্রীড়া সংগঠক, কোচ ও ক্রিকেটপ্রেমীরা এই অর্জনকে শহরের ক্রিকেট ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হিসেবে দেখছেন।
তাদের ভাষ্য, “একই শহর থেকে একসঙ্গে দুইজন ক্রিকেটারের জাতীয় দলে ডাক পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমরা প্রত্যাশা করি, রবিউল ও সাকলাইন দুজনই মূল একাদশে সুযোগ পাবেন এবং নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে দেশের জন্য সুনাম বয়ে আনবেন।”
দুই ক্রিকেটারের সাফল্যে সৈয়দপুরবাসী আনন্দিত ও গর্বিত। তাদের জন্য শুভকামনা ও দোয়া জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।






















