যশোরে জাতীয় মৎস্যজীবী সমিতির নেতাকর্মীদের মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৯:৪৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ৯ বার পঠিত

উন্মুক্ত জলাশয়ে প্রকৃত জেলেদের মাছ ধরার সুযোগ নিশ্চিত করা এবং ‘জাল যার, জল তার’ নীতি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছে জাতীয় মৎস্যজীবী সমিতি। একই সঙ্গে জলমহালগুলো অন্য কারও কাছে ইজারা না দিয়ে সংশ্লিষ্ট এলাকার প্রকৃত জেলে সমিতির কাছে হস্তান্তরের দাবি জানানো হয়েছে।
রোববার সকালে যশোর শহরের নীলগঞ্জ বালিয়াডাঙ্গা এলাকায় জাতীয় মৎস্যজীবী সমিতির যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এসব দাবি জানানো হয়। সংগঠনের যশোর জেলা আহ্বায়ক নারায়ণচন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মৎস্যজীবী সমিতির সহসভাপতি মোহাম্মদ সোলাইমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহসভাপতি কাশেম মিয়া, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান ও রবিন মণ্ডল। সভা সঞ্চালনা করেন জেলা কমিটির সদস্যসচিব ভরত কুমার বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সোলাইমান বলেন, উন্মুক্ত জলাশয়ে সাধারণ জেলেদের বৃহত্তর স্বার্থ রক্ষায় জলমহাল ইজারা প্রথা বাতিল করা হয়েছে। এখন এসব জলমহাল অন্য কারও হাতে না দিয়ে সংশ্লিষ্ট এলাকার প্রকৃত জেলে সমিতির কাছে হস্তান্তর করতে হবে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রকৃত জেলেরা উন্মুক্ত জলাশয়ে মাছ ধরার অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। তাঁদের জীবিকা ও অধিকার নিশ্চিত করতে জলাশয়ে অবাধে মাছ ধরার সুযোগ তৈরি করা প্রয়োজন।
সভায় বক্তারা বলেন, প্রকৃত জেলেদের স্বার্থ রক্ষা ও তাঁদের জীবিকার নিশ্চয়তার জন্য উন্মুক্ত জলাশয়ে মাছ ধরার অবাধ সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ‘জাল যার, জল তার’ নীতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন সংগঠনের স্থানীয় নেতা মোহাম্মদ আলী মুন্সি, সিহাব সিকদার, তপন কুমার ও পরিতোষ সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।




















