চিতলমারীতে পুলিশের অভিযানে নারীসহ ৬ সাজাপ্রাপ্ত আসামি আটক
- আপডেট সময় : ০৪:৩২:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৯৯ বার পঠিত

বাগেরহাটের চিতলমারীতে পুলিশের বিশেষ অভিযানে তিন নারীসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৬ আসামিকে আটক করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে চিতলমারী থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও আদালতের পরোয়ানাভুক্ত ৬ আসামিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— উপজেলার দড়িউমাজুড়ি গ্রামের সুরেন বাইনের স্ত্রী বাসন্তী বাইন, চৌদ্দহাজারী গ্রামের জাকির মল্লিকের স্ত্রী রূপিয়া বেগম, চরবানিয়ারী রানাপাড়ার শ্যামল মণ্ডলের স্ত্রী কনিকা মণ্ডল, সুরিগাতী গ্রামের দেবশাস হালদারের ছেলে দেবাশীয় হালদার এবং শৈলদাহ গ্রামের বেদার শেখের ছেলে সাদ্দাম শেখ।
চিতলমারী থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, থানার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তসহ মোট ৬ আসামিকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, আটক আসামিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।






















