শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩
- আপডেট সময় : ১০:০১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ২০ বার পঠিত

যশোরের শার্শায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পৃথক ঘটনায় ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার রাড়ীপুকুর ও টেংরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শনিবার (৩ অক্টোবর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে শার্শা থানাধীন রাড়ীপুকুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে পাকা সড়কে অভিযান পরিচালনা করে পুলিশ। এসআই (নিঃ) চঞ্চল কুমারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে সোহাগ হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তার সোহাগ হোসেন রাড়ীপুকুর (স্কুলপাড়া) এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
এর আগে একই দিন রাত ৮টা ১০ মিনিটের দিকে উপজেলার টেংরা গ্রামের মাকড়ার বিল এলাকার চার রাস্তার মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসআই (নিঃ) সুজন মাহমুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে কামরুল হাসান (৪১) ও মিলন হোসেন (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কামরুল হাসান রামপুর গ্রামের আজিবর খাদিমদারের ছেলে এবং মিলন হোসেন লাউতাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে। পুলিশ জানায়, অভিযানের সময় কামরুল হাসানের হেফাজত থেকে জব্দতালিকার মাধ্যমে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ইয়াবা রাখার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
শার্শা থানা পুলিশ জানিয়েছে, পৃথক ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়াও চলমান রয়েছে।
শার্শা থানার ওসি শামিনুল হক বলেন, শার্শাকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান আরও কঠোর করা হবে। মাদক বহন, সংরক্ষণ, সরবরাহ কিংবা বিক্রির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর এবং অভিযান নিয়মিত চলবে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা হবে। কোথাও মাদকের কারবার বা সরবরাহের তথ্য পাওয়া গেলে পুলিশকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি।
























