নড়াইলে শত শত শিক্ষার্থীর দুর্নীতিবিরোধী শপথ
- আপডেট সময় : ০৯:২৫:২১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ১০ বার পঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলায় দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও কুইজ প্রতিযোগিতা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় চত্বরে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া বিদ্যালয়ের ৮০০ শতাধিক শিক্ষার্থীকে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলী।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তত্ত্বাবধান ও নির্দেশনায় লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) উদ্যোগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও দুর্নীতি দমন কমিশনের শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। এছাড়া বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক বিতর্ক প্রতিযোগিতার মডারেটর আবুল বাশার সুমনকে সংবর্ধনা দেওয়া হয়।
এদিকে অধ্যক্ষ সৈয়দ জিহাদ আলীর সভাপতিত্বে লোহাগড়া উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক মারুফ সামদানীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেবক মন্ডল, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম, দুর্নীতি দমন কমিশন যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিদর্শক সুমিত দাস, প্রধান শিক্ষক এসএম মুরাদুজ্জামান, দুপ্রকের সহ-সভাপতি কোহিনুর পারভীনসহ অনেকে।






















