পানিপাড়ায় খেলার মাঠ বন্ধ করে বালুর ব্যবসার প্রতিবাদ এলাকাবাসীর
- আপডেট সময় : ১০:৫০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ৭ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়নের পানিপাড়া গ্রামে খেলার মাঠ বন্ধ করে বালু ব্যবসার আয়োজনের অভিযোগ উঠেছে। মাঠটি দখলমুক্ত রাখা, বালু ব্যবসার আয়োজন বন্ধ এবং স্থানীয় কিশোর-তরুণদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও স্থানীয় খেলোয়াড়রা।
রোববার বিকেলে পানিপাড়া গ্রামের ওই খেলার মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দা, কিশোর-তরুণ খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন পানিপাড়া গ্রামের মো. নাদের মোল্লা, জাহিদ মোল্লা এবং কিশোর খেলোয়াড় সালমান, রাসেলসহ অন্যরা।
বক্তারা বলেন, পানিপাড়া গ্রামের একটি পরিত্যক্ত জমি স্থানীয়রা দীর্ঘদিন ধরে পরিষ্কার-পরিচ্ছন্ন করে খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছেন। এক যুগেরও বেশি সময় ধরে এই মাঠে গ্রামের কিশোর-তরুণরা ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা করে আসছেন। মাঠটি স্থানীয় শিশু-কিশোরদের বিনোদন ও শারীরিক চর্চার অন্যতম স্থান।
এলাকাবাসীর অভিযোগ, মাঠের জমির মালিক হিসেবে হানিফ মুসল্লি, বিরাজ শেখ, হুমায়ুন মোল্লা, জিয়ার শেখ ও সেলিম মুসল্লির নাম রয়েছে। তাঁদের মধ্যে একজনের কাছ থেকে জায়গা লিজ নিয়ে পুঠিমারি গ্রামের সুজা সিকদার সেখানে বাঁধ দিয়ে ইট-বালুর ব্যবসার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, মাঠের জায়গায় বালু ব্যবসা শুরু হলে স্থানীয় কিশোর-তরুণদের খেলাধুলার সুযোগ বন্ধ হয়ে যাবে। পাশাপাশি মাঠের পাশেই মধুমতি নদী থাকায় বালু পরিবহনে বাল্কহেড চলাচল ও নদীর পাড়ে অতিরিক্ত চাপ সৃষ্টি হলে ভাঙনের আশঙ্কা রয়েছে। এতে নদীতীরবর্তী পাকা সড়কও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেন তারা।
মানববন্ধন থেকে খেলার মাঠটি দখলমুক্ত রাখা, সেখানে বালু ব্যবসার আয়োজন বন্ধ করা এবং শিশু-কিশোরদের খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
এ বিষয়ে অভিযুক্ত সুজা সিকদারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।





















