বানভাসি ৬৫ পরিবারের পাশে উপজেলা প্রশাসন
অতিবৃষ্টিতে বিপর্যস্ত ডুমুরিয়ার আটলিয়া
- আপডেট সময় : ০৯:৪৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ৩৮ বার পঠিত

টানা অতিবৃষ্টিতে খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে আটলিয়া ইউনিয়নের বিভিন্ন প্লাবিত এলাকায় ৬৫টি বানভাসি ও অসহায় পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও আটলিয়া ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এ ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।
খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস সবিতা সরকার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য, বিএনপির নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
ত্রাণ বিতরণ শেষে ইউএনও মিস সবিতা সরকার বলেন, টানা অতিবৃষ্টির কারণে ডুমুরিয়ার বেশ কয়েকটি নিচু এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে আটলিয়া ইউনিয়নের অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। দুর্যোগে একজন মানুষও যেন না খেয়ে থাকেন, সে লক্ষ্যেই প্রশাসন মাঠে কাজ করছে। প্রাথমিকভাবে ৬৫টি পরিবারের মাঝে চাল, ডাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে এবং সরকারি সহায়তা অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, বৃষ্টির পানিতে অনেক পরিবারের ঘরে রান্না করা সম্ভব হচ্ছে না। প্রশাসন সরেজমিনে মানুষের দুর্ভোগ পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় সব ধরনের লজিস্টিক সহায়তা প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।
আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন বলেন, আকস্মিক এ দুর্যোগে দিনমজুর ও প্রান্তিক মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। খবর পাওয়ার পর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে এসে সহযোগিতার হাত বাড়িয়েছেন। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতায় ত্রাণ বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
ত্রাণ বিতরণকালে আটলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৬৫টি পরিবারের তালিকা অনুযায়ী চাল, ডাল, তেল ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট সরাসরি তাদের হাতে তুলে দেওয়া হয়। আকস্মিক এই সহায়তা পেয়ে অনেক উপকারভোগী আবেগাপ্লুত হয়ে পড়েন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বৃষ্টির পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এবং পানিবন্দি মানুষেরা স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত পর্যায়ক্রমে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।


























