কাশিয়ানীতে সরকারি সড়কের জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ
- আপডেট সময় : ০৬:১৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ বার পঠিত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় উত্তরপাড়ায় সরকারি সংযোগ সড়কের জায়গা দখল করে পাকা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এলজিইডির সড়কের জায়গা দখল করে স্থায়ী ভবন নির্মাণ করায় সড়কটি সংকুচিত হওয়ার পাশাপাশি যানবাহন ও পথচারী চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
স্থানীয়দের দাবি, রাহুথড় বাজার থেকে হাতিয়াড়া যাওয়ার এলজিইডির পাকা সংযোগ সড়কের পাশে ওই এলাকার মৃত কর্নধর মন্ডলের ছেলে শ্রীদাম মন্ডল ভবন নির্মাণ করছেন।
সরেজমিনে দেখা যায়, এলজিইডির পাকা সড়কের হ্যাজিং (এজ) অংশের ইটের সীমানা ঘেঁষে এবং আংশিক জায়গা জুড়ে ইট-সিমেন্ট দিয়ে স্থায়ী ভবন নির্মাণের কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, ভবনটি নির্মাণের কারণে সড়ক দিয়ে চলাচলকারী পথচারী, ভ্যান ও ছোট যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে সড়ক প্রশস্তকরণের ক্ষেত্রেও এটি বাধা হয়ে দাঁড়াতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, সরকারি সড়কের জায়গা দখল করে ভবন নির্মাণ করা হলে তা জনসাধারণের চলাচলে সমস্যা তৈরি করবে। দ্রুত বিষয়টি তদন্ত করে সরকারি জায়গা উদ্ধার এবং অবৈধ নির্মাণ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।
অভিযোগের বিষয়ে শ্রীদাম মন্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, পাকা সড়কের মাঝ পর্যন্ত জায়গা তাঁর নিজস্ব। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের দিয়ে একাধিকবার জমি মাপা হয়েছে এবং তাঁকে রাস্তা পর্যন্ত জমি মেপে বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে হাতিয়াড়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা অধির মন্ডল বলেন, বিষয়টি আমি শুনেছি। উপজেলায় অফিসের কাজে থাকার কারণে সরেজমিনে যাওয়া হয়নি। অফিসের লোক পাঠিয়ে নির্মাণকাজ বন্ধ করা হয়েছে। বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনকে অবহিত করা হবে।
স্থানীয়রা কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি)র দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সরেজমিনে তদন্তের মাধ্যমে সরকারি সড়কের জায়গা নির্ধারণ, দখল হয়ে থাকলে তা উদ্ধার এবং অনুমোদনহীন নির্মাণকাজ বন্ধের দাবি জানিয়েছেন।
























