জুলাই বার্ষিকীতে খেলাফত মজলিসের কর্মসূচির উদ্বোধন
- আপডেট সময় : ০৯:৪২:৪০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ৪২ বার পঠিত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঘোষিত ৩৬ দিনের দেশব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছে খেলাফত মজলিস। জুলাই সনদ বাস্তবায়নসহ সাত দফা দাবিতে লিফলেট বিতরণের মধ্য দিয়ে বুধবার (১ জুলাই) এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।
বুধবার বাদ আসর জাতীয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. আব্দুল জলিল, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী নুর হোসেন, আলহাজ আমির আলী হাওলাদার, অ্যাডভোকেট রফিকুল ইসলাম এবং মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।
অন্যদিকে, একই দিন বাদ ফজর খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে রাজধানীর উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ জাবের ইব্রাহিমের কবর জিয়ারত করা হয়। বিকেল ৪টায় শহীদ মীর মুগ্ধের কবর জিয়ারত এবং শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচিতে দলের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন আহমদ খন্দকার, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আজিজুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
খেলাফত মজলিস সূত্রে জানা যায়, গত ২৪ জুন মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের সই করা এক সার্কুলারের মাধ্যমে দলের সব শাখাকে ৩৬ দিনের কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের মাগফিরাত কামনায় দোয়া, আহতদের খোঁজখবর নেওয়া ও সহযোগিতা, সাবেক সরকারের বিচার ত্বরান্বিত করা এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে মতবিনিময় সভা, গণসংযোগ, গণজমায়েত ও মিছিল। এছাড়া দেয়ালিকা প্রকাশ, আন্দোলনের ভিডিও প্রদর্শনী, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং রক্তদান কর্মসূচিও কর্মসূচির অন্তর্ভুক্ত রয়েছে।
























