বেনাপোলে উৎসবমুখর পরিবেশে স্থলবন্দর দিবস উদযাপন
- আপডেট সময় : ১০:০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / ২৬ বার পঠিত

‘স্থলপথে বাণিজ্য বৃদ্ধি আনতে’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের বেনাপোলে জাঁকজমকপূর্ণ আয়োজনে স্থলবন্দর দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (১২ জুন) সকালে বেনাপোল স্থলবন্দরের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বন্দরের আবাসিক এলাকা থেকে শুরু হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আবাসিক এলাকায় এসে শেষ হয়। এতে বন্দরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে মধ্যাহ্নভোজের পর বন্দরের আবাসিক এলাকায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপপরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রুহুল আমীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন, সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আব্দুল হান্নান, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আবুল খায়ের, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (নং-৯২৫) এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলীসহ বন্দরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা।
ক্রীড়া প্রতিযোগিতায় ছেলেদের ফুটবল টুর্নামেন্ট, লোহার বল নিক্ষেপ এবং মেয়েদের চোখ বেঁধে লাঠি দিয়ে হাঁড়ি ভাঙাসহ বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, ঢাকার সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দিবসটির তাৎপর্য তুলে ধরে দেশের স্থলবন্দরভিত্তিক বাণিজ্য সম্প্রসারণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।





















