
যশোরের মনিরামপুর উপজেলার হাজরাকাটি বেলতলা এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এলাকার উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানটি স্থানীয় মানুষের এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর আসনের সংসদ সদস্য এ্যাড. এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন।
অনুষ্ঠানে বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এনামুল হক বলেন, মনিরামপুরের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। হাজরাকাটিসহ এই অঞ্চলের মানুষের সমস্যা সমাধানে আমি সবসময় কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করে যাব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন বলেন, “সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন বদ্ধপরিকর। উন্নয়নমূলক কর্মকাণ্ডে এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১০ নম্বর মশ্বিমনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সেলিম জাহাঙ্গীর। তিনি তাঁর বক্তব্যে এলাকার মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়া ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনায় উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হন। পুরো আয়োজন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
























