ডুমুরিয়ায় গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা নিলেন ইউএনও
- আপডেট সময় : ০৩:০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ৯৮ বার পঠিত

খুলনার ডুমুরিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষা ও গ্রামীণ জনপদের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে গ্রাম পুলিশ সদস্যদের সাপ্তাহিক হাজিরা ও দিকনির্দেশনামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১৪টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের (দফাদার ও মহল্লাদার) হাজিরা গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সবিতা সরকার।
হাজিরা গ্রহণ শেষে গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তব্যে ইউএনও বলেন, “গ্রামীণ জনপদের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের মাঠপর্যায়ের চোখ-কান হিসেবে দায়িত্ব পালন করতে হবে। নিজ নিজ এলাকায় বাল্যবিয়ে, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত প্রশাসন ও থানা পুলিশকে জানাতে হবে।”
তিনি আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে গ্রাম পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও সক্রিয় হতে হবে। দায়িত্ব পালনে অবহেলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
এ সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের দফাদার ও মহল্লাদাররা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নিয়মিত হাজিরা ও দিকনির্দেশনামূলক এ ধরনের সমাবেশ মাঠপর্যায়ে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ববোধ ও কর্মস্পৃহা আরও বৃদ্ধি করবে।


























