মাদকমুক্ত গ্রামের শপথ
মুখে সাদা কাপড় বেঁধে দৌলতপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ
- আপডেট সময় : ০৯:৪০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / ২৫ বার পঠিত

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পুটখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দৌলতপুর গ্রামে মাদকের বিরুদ্ধে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাধারণ গ্রামবাসী ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে দৌলতপুর গ্রামে আয়োজিত এ কর্মসূচিতে মুখে সাদা কাপড় বেঁধে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত গ্রামবাসী ও স্থানীয় নেতৃবৃন্দ দৌলতপুর গ্রামকে মাদকমুক্ত রাখার অঙ্গীকার করেন। তারা বলেন, গ্রামে কেউ মাদক বিক্রি করবেন না এবং কেউ মাদকের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত থাকবেন না। মাদক ব্যবসা কিংবা মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে কেউ জড়িত হলে তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার দাবি জানান তারা।
মুখে সাদা কাপড় বেঁধে প্রতিবাদের মাধ্যমে আয়োজকেরা মাদকের ভয়াবহতা এবং এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন। বক্তারা বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।
তারা আরও বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও স্থানীয় নেতৃত্বকে একযোগে কাজ করতে হবে। দৌলতপুরে মাদক ব্যবসা ও মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর ওয়ার্ড বিএনপির সভাপতি বজলুর রহমান টুনু, সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক বাবলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান জুলু এবং পুটখালী ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ গ্রামবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই দৌলতপুরকে মাদকমুক্ত ও নিরাপদ গ্রাম হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয়দের মতে, সীমান্তবর্তী এলাকায় মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে এ উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে।


























