যশোরে ডিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৩
- আপডেট সময় : ০৯:৪০:০৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৩ বার পঠিত

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকসহ তিনজনকে আটক করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে ও সকালে যশোরের ঝিকরগাছা ও কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান দুটি পরিচালনা করে ডিবি পুলিশের পৃথক দল।
ডিবি পুলিশ জানায়, রোববার বেলা ১১টা ২৫ মিনিটের দিকে ডিবি যশোরের এসআই শেখ হাদীউজ্জামানের নেতৃত্বে একটি দল ঝিকরগাছা উপজেলার ৪ নম্বর গদখালী ইউনিয়নের বারবাকপুর বাজারের জনৈক মো. ইসলামের গ্যারেজের সামনে বারবাকপুর বাজার থেকে কাশিপুরগামী পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ওলিয়ার রহমান (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ২ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। আটক ওলিয়ার রহমান ঝিকরগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পঞ্চনগর এলাকার মৃত শামসুর রহমানের ছেলে।
অপরদিকে, একই দিন রাত ১২টা ১০ মিনিটের দিকে ডিবি যশোরের এসআই কামাল হোসেনের নেতৃত্বে আরেকটি দল কোতোয়ালি মডেল থানাধীন ৯ নম্বর আরবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মন্ডলগাতি এলাকায় অভিযান চালায়। সেখানে জনৈক হাসান মাহামুদের চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে রাজু আহম্মেদ (৩৫) ও সাগর হোসেন (২৫)কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক রাজু আহম্মেদ বাঘারপাড়া উপজেলার সহিতখালি (ষাটখালি) এলাকার হায়দার মোল্লার ছেলে এবং সাগর হোসেন একই উপজেলার আলাদিপুর এলাকার মো. চান্নু মোড়লের ছেলে।
ডিবি পুলিশ জানিয়েছে, গাঁজাসহ আটক ওলিয়ার রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অপরদিকে ইয়াবাসহ আটক রাজু আহম্মেদ ও সাগর হোসেনকে রোববার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।























