যশোরে বিএনপি কার্যালয় পোড়ানো মামলার টিপু মেম্বার আটক
- আপডেট সময় : ০৩:০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ৪০ বার পঠিত

যশোরে বিএনপির দলীয় কার্যালয় পোড়ানোর মামলার এজাহারভুক্ত আসামি টিপু সুলতান বিশ্বাস মেম্বারকে (৫৪) আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার হাশিমপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইলিয়াস হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে টিপু সুলতান বিশ্বাসকে আটক করে।
পুলিশ জানায়, আটক টিপু সুলতান বিশ্বাস যশোর সদর উপজেলার তালবাড়িয়া বিশ্বাসপাড়া এলাকার মৃত এজাহার বিশ্বাস ও মৃত ফুলজান বিবির ছেলে। তিনি তালবাড়িয়া, শালিয়াট ও মালিয়াট এলাকার সাবেক ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইলিয়াস হোসেন বলেন, টিপু সুলতান বিশ্বাস বিএনপি কার্যালয় পোড়ানোর মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বর্তমানে তিনটি হত্যা মামলা চলমান রয়েছে।
তিনি আরও বলেন, টিপু সুলতান বিশ্বাস একসময় সর্বহারা দলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলেও অভিযোগ রয়েছে। টিপু সুলতান বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।





















