যশোরে মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ তিনজন আটক
- আপডেট সময় : ১০:২৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১৭ বার পঠিত

যশোর জেলা মহিলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক বিলকিস সুলতানা সাথীসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার রাতে পৃথক স্থান থেকে তাঁদের আটক করা হয়।
আটক অন্য দুজন হলেন যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকার মোহাম্মদ শাহাদতের ছেলে রাসেল রহমান (২৬) এবং বাঘারপাড়া উপজেলার রুস্তমপুর গ্রামের আকরাম মোল্যার ছেলে রিয়াজুল ইসলাম (৪৬)। বিলকিস সুলতানা সাথী (৭০) যশোর শহরের পূর্ব বারান্দী মোল্লাপাড়া বাঁশতলা এলাকার মৃত নজরুল ইসলামের স্ত্রী।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, গত ৩১ জুলাই রাতে সদর উপজেলার রামনগর পিকনিক কর্নারের পাশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী স্লোগান দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন—এমন খবর পায় পুলিশ।
পুলিশের দাবি, রাষ্ট্রবিরোধী কার্যক্রম সংঘটন, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার উদ্দেশ্যে তাঁরা সেখানে জড়ো হয়েছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত ব্যক্তিরা স্লোগান দিতে দিতে সেখান থেকে পালিয়ে যান।
এ ঘটনায় পরে কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। পুলিশ জানায়, মামলার তদন্তে বিলকিস সুলতানা সাথী, রাসেল রহমান ও রিয়াজুল ইসলামের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এরপর তাঁদের মামলায় আসামি করা হয়।
মঙ্গলবার রাতে পৃথক স্থান থেকে তাঁদের আটক করে ডিবি পুলিশ। পরে বুধবার তিনজনকে আদালতে পাঠানো হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।





















