যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা
- আপডেট সময় : ০৯:৩৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ১১ বার পঠিত

গণহত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে আগামী ১ আগস্ট যশোরে অনুষ্ঠিতব্য যুবদলের সমাবেশ সফল করার লক্ষ্যে অভয়নগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেলে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অভয়নগর থানা যুবদলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা বাকিউজ্জামান রানা। সভা পরিচালনা করেন নওয়াপাড়া পৌর যুবদলের সদস্যসচিব হারুনুর রশীদ (ভিপি হারুন) এবং আল মামুন সোহাগ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক নাজমুল হক বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, যশোর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রেজোয়ান হাওলাদার মানিক এবং নওয়াপাড়া পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান আতা।
বক্তারা বলেন, আগামী ১ আগস্ট যশোরে অনুষ্ঠিতব্য যুবদলের সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাবেশে সর্বস্তরের নেতাকর্মীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদারেরও আহ্বান জানান তারা।
সভায় অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকার যুবদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

























