যশোর পৌর পার্কে তরুণীর বিষপান, হাসপাতালে ভর্তি
- আপডেট সময় : ১১:০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ৭ বার পঠিত

যশোর শহরের উপশহর পৌর পার্কে শোভা (১৮) নামে এক তরুণী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, শোভা যশোর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত মোস্তফার মেয়ে। পরিবারের দাবি, শনিবার রাতে মোবাইল ফোন ব্যবহারকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনটি নিয়ে নিলে অভিমান করে রোববার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে যশোর পৌর পার্কের ভেতরে বিষপান করেন বলে পরিবারের সদস্যরা জানতে পারেন।
তবে ঘটনাটি নিয়ে ভিন্ন তথ্যও পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের কয়েকজনের দাবি, সকালে শোভা আরও কয়েকজনের সঙ্গে পার্কে এসেছিলেন। সেখানে কোনো একটি বিষয় নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা বা গোলযোগের সৃষ্টি হয়। এর কিছুক্ষণ পরই তিনি বিষপান করেন বলে তারা জানান।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার চিকিৎসা চলছে। ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পারিবারিক অভিমান নাকি অন্য কোনো কারণে তিনি বিষপান করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পর বিস্তারিত জানা যাবে।


















