যশোরে ডিবির পৃথক অভিযানে ইয়াবাসহ তিনজন আটক
- আপডেট সময় : ০৭:০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১০ বার পঠিত

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুই অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে। রোববার (২ আগস্ট) তাদের আদালতে পাঠানো হয়েছে।
ডিবি সূত্র জানায়, প্রথম অভিযানে শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসআই (নিরস্ত্র) সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি দল যশোর কোতোয়ালি মডেল থানার ইছালী ইউনিয়নের মনোহরপুর গ্রামের একটি পায়ে হাঁটা পথ থেকে রিয়াদ হাসান (১৯) নামে এক যুবককে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক রিয়াদ হাসান মনোহরপুর পূর্বপাড়া এলাকার মফিজুর রহমানের ছেলে।
অন্যদিকে, রোববার ভোর ৪টা ২০ মিনিটে এসআই (নিরস্ত্র) বাবলা দাসের নেতৃত্বে ডিবির আরেকটি দল কোতোয়ালি থানার নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়া বাজারে সাউথইস্ট ব্যাংক পিএলসির সামনে অভিযান চালায়। এ সময় গৌতম গাংগুলি (৪১) ও শিমুল হোসেন (৩৮)-এর কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাদের আটক করা হয়। আটক গৌতম গাংগুলি নরেন্দ্রপুর এলাকার মৃত কানাই লাল গাংগুলির ছেলে এবং শিমুল হোসেন চাউলিয়া গ্রামের মৃত ইসমাইল দফাদারের ছেলে।
ডিবি পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।


















